চাকরিতে পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের লাঠিপেটা পুলিশের, আহত ৭

চাকরি পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের লাঠিপেটা, জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন সাবেক বিডিআরের (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি) সাত সদস্য।

সোমবার (৭ এপ্রিল) বেলা দুইটার দিকে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কামরুল ইসলাম (৪৮), মাহফুজুর রহমান (৫৯), রতন কুমার দেব (৬০), মোতালিব হোসেন (৬৫), কামরুজ্জামান (৪৫), সরোয়ার হোসেন (৫০) ও ইসমাইল হোসেন (৭০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

Z চাকরিতে পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের লাঠিপেটা পুলিশের, আহত ৭
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয় আহত সাবেক বিডিআরের সদস্যদের। ছবি: সংগৃহীত

আহত ইসমাইল হোসেন জানান, তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। তখন শিক্ষা ভবনের সামনে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে তাঁদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে, দুই দফা দাবিতে গত শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘বিডিআর কল্যাণ পরিষদ’। তাঁরা দুই দিন (রবিবার পর্যন্ত) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন। পরিষদের দুই দফা দাবি হলো চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করা এবং জামিন পাওয়ার পরও মুক্তি না পাওয়া বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া। এরপর সোমবার শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন।

প্রসঙ্গত, পিলখানায় তৎকালীন বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত হন এসব সদস্যরা। ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে আন্দোলনের ডাক দেয় বিডিআর কল্যাণ পরিষদ। ১৮ হাজার ৫১৯ জন সাবেক বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবি আন্দোলনকারীদের।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।