খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৮ মে থেকে প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তবে এ সূচি প্রকাশের পর থেকেই পরীক্ষাটি পেছানোর দাবি জানিয়ে আসছেন অংশগ্রহণকারীরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) লিখিত পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে পিএসসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ৪৬তম বিসিএসের প্রার্থীরা। এ সময় তারা দাবি করেন, পরীক্ষার জন্য প্রস্তুতির সময় অত্যন্ত অল্প এবং আগের বিসিএসের প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
বিক্ষোভ চলাকালে দুপুরে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, যারা পড়াশোনা করছে তারা সবাই তৈরি। তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি তারা দুই সপ্তাহ পরীক্ষা পেছানোর জন্য বসে নেই। একই সিলেবাসে দুই পরীক্ষা দেয়া যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষা পেছানোর দাবিটা মনে হয় না যৌক্তিক।
বিক্ষোভকারী প্রার্থীরা জানান, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের ২২ ডিসেম্বর থেকে। ছয় মাসের বেশি সময় পার হলেও এখনো অর্ধেকের বেশি প্রার্থীর ভাইভা শেষ হয়নি। এ অবস্থায় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ মে এবং ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা এসেছে।
তারা অভিযোগ করেন, অনেক প্রার্থীকে একসঙ্গে ভাইভা, লিখিত ও প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে, যা অত্যন্ত চাপের এবং বাস্তবসম্মত নয়। তাই তারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যথাযথ সময় দেয়ার দাবি জানিয়েছেন।
খবরওয়ালা/এমবি