নোয়াখালীতে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ২

নোয়াখালীর বেগমগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ায় চালকের দুই সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় একটি ট্রাকের চালক আহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) ভোর চারটার দিকে বেগমগঞ্জ থানার কাছে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন মোহাম্মদ সজীব (১৮) ও মোহাম্মদ সাকিব (১৭)। তাঁদের বাড়ি বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকার বাসিন্দা। খবর পেয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি আটক করে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ থানা থেকে আনুমানিক ৩০০ গজ পশ্চিমে সড়কের ওপর দাঁড়িয়ে ছিল একটি বালুবাহী ট্রাক। আজ ভোর চারটার দিকে পেছনের দিক থেকে আসা আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের কেবিনে বসা দুই সহকারী ঘটনাস্থলে নিহত হন। ধাক্কা দেওয়া ট্রাকের চালকও আহত হন। তবে তিনি দুর্ঘটনার পরপরই পালিয়ে যান।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছনের দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ধাক্কা দেওয়া ট্রাকের চালকের দুই সহকারী নিহত হয়েছেন।

ওসি মোহাম্মদ রুহুল আমিন জানান, ধাক্কা লেগে দাঁড়িয়ে থাকা ট্রাকটি পাশের ডোবায় পড়ে যায়। আর ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের কেবিন চ্যাপ্টা হয়ে যায়। ট্রাক দুটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক, খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।