খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বিপুল শেখ (৩৫) নামের এক যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে শাহজাদপুর পৌরসভার রামবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল ওই মহল্লার মাজেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিপুল তার বাড়ির পাশে একটি বাঁশের মাচা তৈরি করছিলেন। এতে একই মহল্লার শহিদুল ইসলাম ও তার লোকজন বাধা দেন। পরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিপুলকে তারা হাতুড়িপেটা ও হাঁসুয়া দিয়ে কোপ দেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। এরপর রাত ১১ টার দিকে তিনি মারা যান।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বাড়ির পাশে বাঁশের মাচার তৈরির ঘটনায় কথা কাটাকাটির একপর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি জানার পর রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের কিছু নাম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
খবরওয়ালা/জেআর