খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা এবং সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় নির্ধারিত দিনে সাক্ষীরা উপস্থিত না হওয়ায় আদালত সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ পিছিয়ে ৩০ এপ্রিল ধার্য করেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আসামিরা আদালতে হাজির হলেও নির্ধারিত ১৪ জন সাক্ষীর কেউই উপস্থিত ছিলেন না। এর আগে ৮ এপ্রিল দুই মামলায় পাঁচজন সাক্ষ্য দিয়েছিলেন।
সরকারি কৌঁসুলি আবুল হোসেন জানান, সাক্ষীরা অনুপস্থিত থাকায় আদালত নতুন দিন নির্ধারণ করেছেন। এদিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ব্যক্তিগত কারণে আদালতে হাজির হননি; তবে তিনি সময় প্রার্থনা করেন। অন্যদিকে কারাবন্দি আসামিরা এবং জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছসহ ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।
কিবরিয়া হত্যা মামলা
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে এক জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। আহত হন তাঁর ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুর রহিমসহ অনেকে। ঘটনায় ৭০ জনেরও বেশি মানুষ আহত হন।
পরদিনই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। প্রথম তদন্ত শেষে ২০০৫ সালের ১৮ মার্চ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তবে নিহত কিবরিয়ার পরিবারের নারাজি আবেদনের পর পুনঃতদন্তে ২০১১ সালে আসামির সংখ্যা বাড়িয়ে ২৬ জন এবং ২০১৪ সালে সম্পূরক অভিযোগপত্রে ৩৫ জনকে আসামি করা হয়। এতে লুৎফুজ্জামান বাবর, হারিছ চৌধুরী ও আরিফুল হক চৌধুরীর নাম যুক্ত হয়।
২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৭১ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৬৩ জন সাক্ষ্য দিয়েছেন।
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা
২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী জনসভায় গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে যুবলীগের এক কর্মী নিহত এবং ২৯ জন আহত হন। অল্পের জন্য বেঁচে যান সুরঞ্জিত সেনগুপ্ত।
ঘটনার পর দায়ের করা মামলায় ২০২০ সালের ২২ অক্টোবর লুৎফুজ্জামান বাবর, আরিফুল হকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১২৩ জন সাক্ষীর মধ্যে ৫২ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাক্ষীদের আদালতে উপস্থিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
খবরওয়ালা/আরডি