নিপীড়িত বিশ্ব মুসলমানদের পক্ষে ঢাকায় সংহতি সমাবেশ, অর্ধলাখ মানুষের অংশগ্রহণ

ফিলিস্তিন, ভারত ও রোহিঙ্গা মুসলমানসহ বিশ্বের নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর পক্ষে সংহতি প্রকাশে জাতীয় প্রেসক্লাব এলাকায় এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠন ‘আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ’-এর আয়োজনে শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চললেও, ভোর থেকেই রাজধানীর প্রেসক্লাব এলাকায় জনস্রোত জমতে শুরু করে।

ডিএমপি সূত্র অনুযায়ী, সমাবেশে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার মানুষ অংশ নেয়। সমাবেশস্থলের আশপাশের রাস্তায় বেলা সোয়া ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশ থেকে আয়োজকরা ৬টি দাবি উত্থাপন করেন- জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে; ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের যত কাঠামোগত ক্ষতি হয়েছে সকল কিছুর আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে; ফিলিস্তিনে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপে ইতোমধ্যে যত হত্যা হয়েছে সকল হত্যাকাণ্ড ও হামলার তদন্তপূর্বক বিচার নিশ্চিত করতে হবে; ইন্ডিয়ার লোকসভায় পাস হ‌ওয়া অসাংবিধানিক ও মুসলিমবিরোধী ওয়াকফ বিল লোকসভায় বাতিল ঘোষণা করতে হবে; ৫ আগস্ট থেকে এই পর্যন্ত মাজারে যত হামলা, অগ্নিসংযোগ হয়েছে সবগুলো ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং সকল রাজনৈতিক দলের সম্মিলিত সিদ্ধান্তে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।

এ ছাড়া তিনটি অঙ্গীকার ঘোষিত হয়—

১) বৈশ্বিক আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকা

২) দেশীয় শাসন-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া

৩) মুসলিম স্বার্থে প্রয়োজনে মাঠে নামার প্রস্তুতি রাখার।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব। একইসঙ্গে, তারা ভারতের মুসলিমবিরোধী নীতির নিন্দা জানিয়ে বলেন, মুসলিমদের পবিত্র স্থান ও ঐতিহ্যে হামলার প্রতিবাদে বাংলাদেশের মানুষ চুপ করে থাকবে না।

রোহিঙ্গা ইস্যুতে বক্তারা বর্তমান সরকারকে ব্যর্থ আখ্যা দেন এবং ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগকে অভিনন্দন জানান। দেশে বিভিন্ন মাজারে হামলার প্রসঙ্গে বক্তারা ভবিষ্যতে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। সভাপতিত্ব করেন মুসলিম ঐক্য মঞ্চের সভাপতি পীর শাহ্ হাসানুজ্জামান। বক্তৃতা দেন ইসলামি চিন্তাবিদ এনায়েতুল্লাহ আব্বাসী, এনসিপি নেতা হাসান আরিফ, মুফতি ফজলুল হক, মাসউদ হোসাইন আল কাদেরীসহ আরও অনেকে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।