আর নয় সহনশীলতা, পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্নের পক্ষে গাঙ্গুলি

কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক নতুন করে আরও তীব্র হয়ে উঠেছে। সেই উত্তেজনার প্রভাব পড়ছে দুই দেশের ক্রিকেট সম্পর্কেও। বর্তমানে আন্তর্জাতিক টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আর দেখা যায় না। সম্প্রতি জম্মু-কাশ্মিরে ভয়াবহ এক সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তানকে সরাসরি দায়ী করে, যার ফলে সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগাম জেলার বৈসরণ উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত দাবি করছে, এই হামলায় পাকিস্তানের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। এর জেরে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে হাঁটছে ভারত, যার প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা নিচ্ছে ইসলামাবাদও।

এই প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিত। কড়া পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। প্রতি বছরই এ ধরনের ঘটনা ঘটে চলেছে, এটা মেনে নেওয়া যায় না। সন্ত্রাসবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়।’

তবে গাঙ্গুলির বক্তব্যে সরাসরি ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গ না থাকলেও, তার মন্তব্য ঘিরে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সূত্রমতে, ভারত হয়তো ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে পড়া এড়াতে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে আবেদন করতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিসিসিআই সম্ভবত আইসিসিকে চিঠি দেবে, যাতে ভবিষ্যতের কোনো বিশ্বকাপে ভারতকে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে না রাখা হয়। একই পদক্ষেপ নিতে পারে এসিসির প্রতিও। পেহেলগাম হামলার পর এই সিদ্ধান্তগুলোর সম্ভাবনা আরও বেড়েছে।

এ বিষয়ে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারিভাবে কেন্দ্রের পরামর্শ মেনেই কাজ করবে। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ীই দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। আইসিসির টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে খেলবে কি না, সেই সিদ্ধান্ত নেবে আইসিসি। পরিস্থিতি সম্পর্কে তারা ভালো করেই অবগত।’

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।