খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মাঝে চলমান উত্তেজনায় পাকিস্তানের পাশে থাকার কথা জানিয়েছে পরাশক্তি চীন।
রবিবার (২৭ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মুঠোফোনে চীনের পক্ষ থেকে এই বার্তা পৌঁছে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। খবর: গ্লোবাল টাইমস ও জিও নিউজ
সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি চীন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারকে জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী।
ইসলামাবাদকে ওয়াং ই বলেন, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তকে সমর্থন করে চীন।
ওয়াং আরও বলেছেন, চীন আশা করে যে উভয় পক্ষই সংযম প্রদর্শন করবে। একে অপরের দিকে এগিয়ে আসবে এবং উত্তেজনা কমাতে কাজ করবে।
এইদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকবে বলে জানিয়েছে বেইজিং। চীন ও পাকিস্তান এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নসহ সবক্ষেত্রে গভীর সম্পর্ক সহযোগিতা অব্যাহত রাখবে।
চলমান উত্তেজনায় ভারত সরকার ঘোষিত সময়সীমার মধ্যে ২৭২ জন পাকিস্তানি নাগরিক গত দুই দিনে আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে নিজ দেশে পৌঁছেছেন। এদিকে, একই সময়ে পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন ৬২৯ জন ভারতীয় নাগরিক, যাদের মধ্যে ১৩ জন ছিলেন কূটনীতিক ও সরকারি কর্মকর্তা।
জানা গেছে, রবিবার (২৭ এপ্রিল) ‘লিভ ইন্ডিয়া’ নোটিশের শেষ দিনে আরও কয়েক শ পাকিস্তানি নাগরিক ভারত ত্যাগ করবেন। ভারতীয় এক সরকারি কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী, ১২ ধরনের স্বল্পমেয়াদি ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের আজকের মধ্যেই ভারত ছাড়তে হবে। এ তালিকায় রয়েছে ব্যবসা, চলচ্চিত্র, সাংবাদিকতা, সম্মেলন, শিক্ষার্থী, তীর্থযাত্রীসহ বিভিন্ন ধরনের ভিসাধারীরা। তবে দীর্ঘমেয়াদি ভিসা এবং কূটনৈতিক বা সরকারি ভিসাধারীরা এই নির্দেশের আওতার বাইরে থাকবেন।
সাম্প্রতিক উত্তেজনার মূল কারণ মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু। ভারত সরাসরি পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে, যদিও পাকিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। এর পরই নয়াদিল্লি থেকে পাকিস্তানি নাগরিকদের উদ্দেশ্যে ‘লিভ ইন্ডিয়া’ নোটিশ জারি করা হয়।
সূত্র: এনডিটিভি/জিও নিউজ
খবরওয়ালা/টিএ