খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 18শে বৈশাখ ১৪৩২ | ১ই মে ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে আগামী তিন মাস মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।
১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত হ্রদে সব ধরনের মাছ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ ও বরফকল পরিচালনার ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন।
প্রতি বছরের মতো এবারও কার্পজাতীয় মাছের প্রজনন মৌসুমে হ্রদের জীববৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ বলেন, “চলতি মৌসুমে মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যেই হ্রদে মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। তবে প্রয়োজন হলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হতে পারে।”
এই সময়ে হ্রদের সঙ্গে সংশ্লিষ্ট বরফকলগুলো বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হ্রদ এলাকায় নিয়মিত অভিযান চালানো হবে বলে জানানো হয়।
মাছ ধরা বন্ধ থাকাকালে হ্রদের ওপর নির্ভরশীল নিবন্ধিত জেলেদের জন্য মানবিক সহায়তা হিসেবে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ করা হবে।
কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, “নিষেধাজ্ঞাকালীন সময় জেলেদের মাঝে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। মোট ২৭ হাজার নিবন্ধিত জেলে এ সুবিধার আওতায় আসবেন।”
তিনি আরও জানান, এ মৌসুমে কাপ্তাই হ্রদে ৬০ টন কার্পজাতীয় মাছের পোনা ছাড়া হবে, যাতে হ্রদের মৎস্য সম্পদ আরও সমৃদ্ধ হয়।