নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ মে ২০২৫
জাতীয় নির্বাচনের বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেই এই উদ্যোগ নিতে হবে।
শুক্রবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করতে হবে। জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ ও সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরও সুসংহত হবে। তখন কেউ আর বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শাসনের পতনের পর নতুন করে ২৫টিরও বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। আমরা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে মতপার্থক্য মেনে নিই, কিন্তু দেশের স্বার্থে সবাইকেই ঐক্যবদ্ধ হতে হবে।’
সংবিধান লঙ্ঘন করে যারা তিনবার অবৈধভাবে সরকার গঠন করেছে, তাদের প্রসঙ্গে তারেক বলেন, ‘গণতন্ত্রকামী জনগণ জানতে চায়—তাদের রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করতে অন্তর্বর্তীকালীন সরকার কী ব্যবস্থা নিয়েছে। ব্লেইম গেম দিয়ে দায় এড়ানো যাবে না।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি হতে পারে পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের পুনর্বাসনের সুযোগ। এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
তারেক রহমান মনে করেন, ‘গণতন্ত্রকামী জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে দীর্ঘ দেড় দশক দেশে একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছিল। ভবিষ্যতে যেন আর কেউ এই দুঃসাহস না দেখায়, সেজন্য এখনই একটি শক্ত রাজনৈতিক ও আইনি ভিত্তি গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘সংস্কার, নির্বাচিত সরকার ও জনগণের ক্ষমতায়ন ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। অথচ এখন দেশে এমন একটি পরিবেশ তৈরি করা হচ্ছে, যেন নির্বাচন চাওয়া অপরাধ।’
এসময় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।
খবরওয়ালা/আরডি