বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে লিটন, সহকারী মেহেদী

জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন লিটন দাস। অনেক দিন ধরেই তাঁর নাম নিয়ে আলোচনা চলছিল, এবার সেটিই নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেবেন তিনি। এর আগেও চারটি ম্যাচে আপৎকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লিটন।

রবিবার (৪ মে) বিকেলে মিরপুরে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে সহ–অধিনায়ক থাকবেন অফস্পিনার শেখ মেহেদী হাসান। যদিও এই দায়িত্ব আপাতত শুধুই এই দুটি সিরিজের জন্য। নাজমূল জানান, ভবিষ্যতে আরও কয়েকজনকে একই ভূমিকায় দেখার পরিকল্পনা রয়েছে, যেখান থেকে একজনকে স্থায়ীভাবে বেছে নেওয়া হবে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল সর্বশেষ মাঠে নেমেছিল ২০২৩ সালের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এবার ফিরছে ভিন্ন এক দল নিয়ে। আগের দলের সদস্য আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিপন মণ্ডল এবার দলে নেই। তাঁদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

তাসকিনের অধিনায়ক হওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও, চোটের কারণে তাঁকে নিয়মিত বিশ্রামে রাখা লাগছে, ফলে তিনি বিবেচনায় আসেননি।

আগামী ১৭ ও ১৯ মে শারজার ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তান সফরে মাঠে নামবে দল, যেখানে ম্যাচগুলো হবে ফয়সালাবাদ ও লাহোরে।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলে যারা আছেন, লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী। এ ছাড়া আরও আছেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। 
 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।