পাকিস্তানে অবস্থান করছে দুই বাংলাদেশি ক্রিকেটার, যা জানালেন বিসিবি

ভারত-পাকিস্তান দুই দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে চলছে আইপিএল ও পিএসএল। যদিও এবারের আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই। কিন্তু পিএসএল খেলতে পাকিস্তানে গেছেন রানা ও রিশাদ। যুদ্ধ লেগে যাওয়ায় এই দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।

বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আজ সকালে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘রাতে হামলা হয়েছে, পাকিস্তান ও ভারতে দুই দেশেই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করব, সেখানকার পরিস্থিতি তাঁদের কাছ থেকেই জানার চেষ্টা করব।’

যুদ্ধ লেগে যাওয়ায় পিএসএল হঠাৎ বন্ধ হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এমনটা হলে বোর্ড কী করবে, তা নিয়ে নাফীস বলেন, ‘যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, কিংবা পিএসএল স্থগিত হয় তাহলে বোর্ডের সিইও আছেন, পরিচালকেরাও আছেন—তাঁরা হয়ত ক্রিকেটারদের ফেরানো নিয়ে ভাববেন। তবে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, সময় ও পরিস্থিতি বুঝেই ব্যবস্থা নেওয়া হবে।’

এবারের পিএসএলে রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যে রিশাদের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা। বাংলাদেশি এই লেগস্পিনার বলেন, ‘এখনো পর্যন্ত সব ঠিক আছে। সব বন্ধ হলেও ৫ মিনিট আগে আমাদের বার্তা এসেছে, ইসলামাবাদে যাব পরের ম্যাচ খেলতে। আমাদের এসব ব্যাপারে (যুদ্ধ) কিছু বলেনি, বরং বলছে সব ঠিক আছে।’

২৫ মে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সূচি অনুযায়ী ৩ জুন শেষ হবে সিরিজ। তবে বর্তমানের উত্তপ্ত পরিস্থিতিতে সিরিজটি হবে কিনা, সেটা নিয়ে নতুন করে বিসিবি ভাবছে বলে সূত্রে জানা গেছে।

কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে বৈরিতা ছড়িয়েছে। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে।সিন্ধু চুক্তি বাতিল, ভারত-পাকিস্তানের আটারি-ওয়াগা সীমান্ত বন্ধসহ দুই দেশে কুটনৈতিক নিয়োগও সীমিত করা হয়েছে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।