বাউফল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
পটুয়াখালীর বাউফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর হত্যার প্রতিবাদে খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে বাউফল সরকারি কলেজ শাখা ছাত্র দল।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টার দিকে বাউফল সরকারি কলেজের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল সোয়েব, বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ খান, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল ইকবাল দুখ মিয়া, সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারজান বিন জাহাঙ্গীর।
এছাড়াও উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল এবং কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদল সাম্য হত্যার প্রতিবাদে পৃথক মানববন্ধন ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করে। এই দুই কর্মসূচিতেও বক্তারা সাম্যর খুনিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি করেন।
খবরওয়ালা/এসআর