আইপিএলে খেলার এনওসি পেলেন মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল শনিবার (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরই ভারতে উড়াল দেবেন মুস্তাফিজ।

এর আগে গত ১৪ মে তাকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস।

বিরতির পর আগামীকাল শনিবার থেকে আবারও আইপিএল শুরু হচ্ছে। তবে দিল্লির প্রথম ম্যাচ আগামী ১৮ মে। সেই ম্যাচ থেকেই মুস্তাফিজকে পাচ্ছে দিল্লি। আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার এনওসি পেয়েছেন এই বাঁহাতি পেসার।

লিগ পর্বে আগামী ১৮ মে গুজরাট টাইটান্স, ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ তিনটি ম্যাচ খেলবে দিল্লি।

শেষ ৩ ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ দিল্লির জন্য। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে অক্ষর প্যাটেলের দল। শেষ ৩ ম্যাচের দুটিতে জিতলেও প্লে-অফে ওঠার সম্ভাবনা আছে তাদের।

এবারের আইপিএলের মেগা নিলামে কোনো দল পাননি মোস্তাফিজ। গত বছরের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসও তাকে রিটেইন করেনি। তবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর কিছুটা খেলোয়াড় সংকটে পড়েছে আইপিএল। দিল্লির অনেক খেলোয়াড়ই নাকি এখনও ক্যাম্পে যোগ দেয়নি। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাক গার্কের বদলি হিসেবে দিল্লিতে জায়গা পেয়েছেন মোস্তাফিজ।

এবারের আইপিএলে রেকর্ড ৬ কোটি রুপিতে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। তবে এর পুরো অর্থটা তিনি পাবেন না। ম্যাচ অনুপাতে টাকা পাবেন। দিল্লি ক্যাপিটালসে এর আগেও খেলার অভিজ্ঞতা আছে মোস্তাফিজের। এর আগে রিশভ পন্তের নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এক মৌসুম খেলেছিলেন তিনি।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।