আমিরাতের সঙ্গে ২০০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রায় ২০০ বিলিয়ন মার্কিন ডলারের একাধিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৫ মে) এসব চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দুদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউস জানায়, চুক্তির আওতায় আমিরাতের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ ২৮টি বোয়িং ৭৮৭ ও ৭৭৭এক্স মডেলের বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে, যার মোট মূল্য সাড়ে ১৪ বিলিয়ন ডলার। এই বিমানে ব্যবহৃত হবে যুক্তরাষ্ট্রভিত্তিক জিই এয়ারোস্পেসের তৈরি ইঞ্জিন।

চুক্তিগুলোর অংশ হিসেবে আবুধাবিতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় দুই দেশ। মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, ‘মার্কিন-আমিরাত এআই অ্যাকসেলারেশন পার্টনারশিপ’ নামে একটি যৌথ কাঠামো গঠনেও সম্মত হয়েছে উভয় পক্ষ।

এছাড়া, ওই বৈঠকে ট্রাম্প ও শেখ মোহামেদ পাঁচ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি নতুন এআই ক্যাম্পাস উদ্বোধন করেন। এটি যুক্তরাষ্ট্রের বাইরের সবচেয়ে বড় এআই স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।

চুক্তি বিষয়ে অবগত কর্মকর্তারা জানান, এআই খাতে সহযোগিতার ফলে আমিরাত যুক্তরাষ্ট্রের উন্নতমানের এআই চিপ ও প্রযুক্তিতে অধিকতর অ্যাক্সেস পাবে। এতদিন এই প্রযুক্তি সংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা ছিল, কারণ যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল—এই প্রযুক্তি হয়তো আমিরাতের মাধ্যমে চীনের হাতে চলে যেতে পারে।

বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমাদের দুই দেশের সম্পর্ক দিনে দিনে আরও ঘনিষ্ঠ হচ্ছে—এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।