খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ই মে ২০২৫, ১০:২৮ এএম
দীর্ঘ সাত বছর পর আবারও শুরু হচ্ছে লাক্স সুপারস্টার। ইতিমধ্যে ৬ মে থেকে শুরু হয়েছে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন, চলবে আগামী ৫ জুন পর্যন্ত।
২০০৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় লাক্স সুপারস্টার। ২০১০ সাল পর্যন্ত এই প্রতিযোগিতা টানা অনুষ্ঠিত হলেও এক বছর বিরতি দিয়ে ২০১২ সালে ফিরলে আবার দুই বছরের জন্য বন্ধ হয়ে যায়। ২০১৪ সালের আয়োজনের পর বিরতিটা ছিল চার বছরের। সর্বশেষ ২০১৮ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মিম মানতাসা। এরপর আর কোনো আয়োজন হয়নি এই প্রতিযোগিতার। অবশেষে ৭ বছর পর আবার নতুন তারকার খোঁজ করছে এই আয়োজন।
এ বছর ৬ মে থেকে শুরু হয়েছে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ,১৮ থেকে ২৭ বছরের আগ্রহী নারীরা অংশ নিতে পারবেন এই রিয়েলিটি শোয়ে। লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে শেয়ার করা রেজিস্ট্রেশন লিংকে গিয়ে করতে হবে ফরম পূরণ। বর্তমান সময়ের কথা মাথায় রেখে পরিবর্তন আনা হয়েছে রিয়েলিটি শোয়ের ফরমেটে। অ্যাক্টিং ও স্টাইলিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে কনটেন্ট মেকিংয়ের যোগ্যতা।
লাক্স সুপারস্টারের এবারের আয়োজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী। গতকাল লাক্সের ফেসবুক পেজে শেয়ার করা প্রমোশনাল ভিডিওতে এমনটা জানানো হয়।
জয়া, মেহজাবীন ও রাফী ছাড়াও প্রতিযোগিতার প্রমোশনে অংশ নিচ্ছেন বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া ও নীলাঞ্জনা নীলা। জানা গেছে, শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার বিস্তারিত জানাবেন আয়োজকেরা।
খবরওয়ালা/এফএস
মন্তব্য