সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেপ্তার

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে রাজধানীর নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

শনিবার (১৭ মে) ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।’

জেবুন্নেছা আফরোজ প্রয়াত বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরনের স্ত্রী। ২০১৪ সালের এপ্রিলে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে হিরন মৃত্যুবরণ করলে, উপনির্বাচনের মাধ্যমে জেবুন্নেছা সংসদ সদস্য নির্বাচিত হন।

জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাঁকে আসামি করা হয়েছে। তবে এসব মামলার প্রকৃতি বা বিস্তারিত এখনও প্রকাশ পায়নি।

প্রয়াত মেয়র হিরনের ব্যক্তিগত সহকারী (এপিএস) ও জেবুন্নেছা আফরোজের পরিবারের ঘনিষ্ঠজন অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে রাজধানীর বাসা থেকে জেবুন্নেছা আফরোজকে ডিবি পুলিশ আটক করেছে। বর্তমানে তিনি গোয়েন্দা হেফাজতে রয়েছেন।

তবে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘আমাদের কাছে ঢাকাস্থ কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জেবুন্নেছা আফরোজের গ্রেপ্তার সংক্রান্ত কোনো তথ্য আসেনি।’

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।