সাম্য হত্যার বিচার দাবি: শাহবাগ ছাড়লো ছাত্রদল, আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও তদন্তে গাফিলতির প্রতিবাদে শাহবাগ মোড়ে প্রায় দুই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (১৮ মে) বিকেল পৌনে ৪টা থেকে বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত এই অবরোধ চলে। পরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম কর্মসূচি সমাপ্ত ঘোষণা করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিলসহ শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন এবং সড়কে বসে পড়েন। এ সময় সাম্য হত্যার বিচারের দাবিতে নানা স্লোগান দেওয়া হয়। অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। তাঁরা বক্তৃতায় সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার দায়ে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, শাহরিয়ার সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় মূল ঘাতকরা এখনো ধরাছোঁয়ার বাইরে। মামলার তদন্তে প্রশাসনের নির্লিপ্ততা বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।

এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মিছিল শেষে এক সমাবেশে একই দাবিতে বক্তৃতা করেন নেতারা।

উল্লেখ্য, শনিবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদল জানায়, সাম্য হত্যার বিচার এবং ঘাতকদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রবিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করা হবে। সেই ঘোষণা অনুযায়ী বিকেলের আগে থেকেই নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন।

অবরোধের ফলে শাহবাগ মোড়ের আশপাশে যান চলাচল ব্যাহত হয়। কর্মসূচি শেষ হওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ছাত্রদল নেতারা জানিয়েছেন, প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে তাঁদের দাবি পূরণ না করে, তবে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের দিকে যাবে সংগঠনটি।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।