ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে ২০২৫
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির প্রস্তুতিকালে ১ হাজার কেজি চালসহ এক ডিলারকে আটক করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২০ মে) দুপুরে সাঘাটার বোনারপাড়া কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি আফজাল হোসেন, যিনি বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং রাঘবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সুবিধাভোগীদের দাবি, ডিলার আফজাল হোসেন সরকারি ওএমএস কর্মসূচির আওতায় বিতরণের জন্য বোনারপাড়া খাদ্য গুদাম থেকে ১৭ বস্তা চাল উত্তোলন করেন। কিন্তু এসব চাল কলেজ মোড়ে এনে বস্তা পরিবর্তনের মাধ্যমে কালোবাজারে বিক্রির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা তাকে হাতেনাতে আটক করে এবং পুলিশে খবর দেয়।
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম জানান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে চালগুলো জব্দ করা হয়েছে এবং ডিলার আফজাল হোসেনকে থানায় নেওয়া হয়েছে।
সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম বলেন, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবরওয়ালা/আরডি