স্ত্রী-মেয়েসহ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তাঁর স্ত্রী শিরিন আকতার বানু ও মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেকের করা আবেদনের ভিত্তিতে আদালত এই আদেশ দেন।

আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও তাঁর নিকট আত্মীয়দের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি দখল, এসিআই কোম্পানি ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

অনুসন্ধানকালে আব্দুর রাজ্জাক, তাঁর স্ত্রী ও কন্যার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এই সম্পদ যাতে হস্তান্তর বা স্থানান্তর না করা হয়, সেজন্য এগুলো অবরুদ্ধ করা জরুরি বলে দুদক উল্লেখ করে।

আদালতের আদেশ অনুযায়ী, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের নামে থাকা চারটি ব্যাংক হিসাবে মোট ৪২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা রয়েছে। তার স্ত্রী শিরিন আকতার বানুর চারটি হিসাবে রয়েছে ৬৬ লাখ ৫৬ হাজার ৫৯৫ টাকা এবং মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার একটি হিসাবে রয়েছে ২৮ লাখ টাকা। সব মিলিয়ে তিনজনের মোট এক কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

দুদক মনে করছে, চলমান অনুসন্ধান শেষ হওয়ার আগে এই সম্পদ হস্তান্তর হয়ে গেলে ভবিষ্যতে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই এসব হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন হয়ে দাঁড়ায়।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।