খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ মে ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যমুনার সামনে সারারাত অবস্থান করবেন বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তার সঙ্গে রাত কাটাবেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান তারা।
বুধবার (২১ মে) বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখে অবস্থান নিয়ে এ কথা জানান আন্দোলনকারীরা।
তারা জানান, আগামীকাল (বৃহস্পতিবার) উচ্চ আদালতের রায় ঘোষণা পর্যন্ত দলটির নেতাকর্মীরা অবস্থান চালিয়ে যাবেন। আদালতের রায় তাদের পক্ষে না গেলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আমি কাকরাইলে অবস্থান করা নগরবাসীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তাদের এই আন্দোলন চালিয়ে নিতে উৎসাহ দেবো। তাদের সঙ্গে সারারাত যমুনার সামনে অবস্থান করবো।
ইশরাক হোসেনের সমর্থকরা গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছেন।
এই বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান। তিনি বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি ও ঢাকা অচল করে দেওয়ার হুমকি দেন।
এর আগে আজ (বুধবার) সকাল ১০টা থেকে হাইকোর্ট সংলগ্ন মৎস্য ভবন ও যমুনার প্রবেশমুখে (কাকরাইল মসজিদ সংলগ্ন) অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। তারা প্রথমে মৎস্য ভবন মোড়ে জড়ো হয়ে এ পথ হয়ে সব ধরনের যানচলাচল বন্ধ করে দেন। পরে কাকরাইল মসজিদ সংলগ্ন যমুনার প্রবেশমুখে অবস্থান নেন। এতে ওই এলাকা হয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ছয়টা পর্যন্ত কাকরাইল মসজিদের সামনের সড়কে তাদের অবস্থান করতে দেখা গেছে।