চাঁদা দাবিকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা সুপারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও অভিভাবক সমাবেশে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার তিরাইল ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন— তিরাইল গ্রামের শাকিল হোসেন (২৩), হৃদয় হোসেন (২৮), ইয়ামিন হোসেন (২৩), রিয়াদ হোসেন (২২) ও ইয়াছিন আরাফাত আকিব (২৩)। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি আদালতের রায়ে পুনর্বহাল হওয়া মাদ্রাসা সুপার মাওলানা আবুল হোসাইন সাঈদী দায়িত্ব পালনে ফিরলে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাবউদ্দিন শিমুল তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া অভিভাবক সমাবেশে সুপারকে দাওয়াত না দেওয়া নিয়েও উত্তেজনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার অভিভাবক সমাবেশ চলাকালে শিমুল ও তার সমর্থকরা মাদ্রাসায় এসে সুপারের যোগদানে আপত্তি জানায় এবং সমাবেশ বন্ধ করে দেয়। তখন ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও তার অনুসারীরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

এ বিষয়ে শিহাবউদ্দিন শিমুল বলেন, ‘মাদ্রাসায় দীর্ঘদিন মামলার কারণে প্রায় ১০-১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পোষাতে সুপারকে ওই টাকা দিতে বলেছি। আমি ব্যক্তিগতভাবে কোনো টাকা চাইনি।’

অন্যদিকে, মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসাইন বলেন, ‘আদালতের রায়ে বৈধভাবে কাজে যোগদান করেছি। কিন্তু শিমুল আমার কাছে ১০ লাখ টাকা দাবি করেছেন। তা না দিলে মাদ্রাসায় না আসার হুমকি দিয়েছেন। আজ মাদ্রাসায় এসে তারা সমাবেশেও বাধা দেয়।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।