খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ মে ২০২৫
নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করে, তারা গণতন্ত্রের বিরোধী—এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। অন্যদিকে, দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডা. জাহিদ হোসেন বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজেদের সম্পত্তি মনে করে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে কিছু উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করছেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই দুই জ্যেষ্ঠ নেতা।
অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের আয়োজনে ‘বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা যেন তাদের পৈতৃক সম্পত্তি—এই মনোভাব থেকে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করা হচ্ছে। তিনি বলেন, এটি খুবই দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেন, রাজনীতিবিদদের বাইরে রেখে দেশে বিরাজনীতিকরণের ‘কিচেন কেবিনেট’ ষড়যন্ত্র চলছে।
অন্যদিকে, বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত ‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবি করে বিএনপি কোনো অন্যায় করছে না। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশার অবকাশ নেই। গণতান্ত্রিক দলের জন্য নির্বাচনই হচ্ছে অধিকার আদায়ের প্রধান পথ।
তিনি বলেন, ‘যারা নির্বাচনকে বাধা দেয়, তারাই প্রকৃত গণতন্ত্রবিরোধী।’
মতামতের ভিন্নতা স্বীকার করেই জাতীয় ঐক্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।
খবরওয়ালা/এন