খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 10শে জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৪ই মে ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে এক দেশ অপর দেশের বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তার মেয়াদ আরও এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। শুক্রবার (২৩ মে) প্রতিবেশী দেশ দুটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। খবর দ্য ডনের।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) উড়োজাহাজ পরিচালকদের উদ্দেশে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আগামী ২৪ জুন ভোর ৪টা ৪৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামরিক ফ্লাইটসহ ভারতের নিবন্ধিত, পরিচালিত বা মালিকানাধীন উড়োজাহাজ এবং দেশটির উড়োজাহাজ পরিবহণ সংস্থাগুলোর ইজারা নেওয়া উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
পিএএ বলেছে, এ নিষেধাজ্ঞা ভূমি থেকে শুরু করে সীমাহীন উচ্চতা পর্যন্ত প্রযোজ্য হবে। নির্দেশনার আওতায়, কোনো ভারতীয় উড়োজাহাজ পরিবহণ সংস্থা বা নিয়ন্ত্রকের ফ্লাইট পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ বা অতিক্রম করতে পারবে না।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, তবে অন্যান্য আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহণ সংস্থা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ও একই রকম বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, সামরিক ফ্লাইটসহ পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ইজারা নেওয়া উড়োজাহাজ ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন। এরপর গত মাসে ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো একে অপরের আকাশসীমায় নিষেধাজ্ঞা আরোপ করে।
খবরওয়ালা/এসআর