খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ কেউই চান না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শনিবার (২৪মে) সন্ধ্যায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “বিএনপি, জামায়াত ও এনসিপি — কোনো রাজনৈতিক দলই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না। বরং তারা সবাই চায়, তিনি দায়িত্বে থেকে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করুন।”
শফিকুল আলম জানান, বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়েও মতামত জানানো হয়। প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, “ডিসেম্বর ২০২৫ থেকে আগামী বছরের ৩০ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে কোনো সুযোগ নেই।”
এই প্রস্তাবে জামায়াতে ইসলামী ও এনসিপি সম্মতি জানালেও বিএনপি কিছুটা দ্বিমত প্রকাশ করেছে বলে জানান প্রেস সচিব।
তিনি আরও বলেন, “এনসিপি বৈঠকে আওয়ামী লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা করার দাবি তোলে। পাশাপাশি স্থানীয় সরকারের পুনর্গঠন ও নির্বাচনে গুরুত্ব দেওয়ার আহ্বান জানায় তারা।”
এ বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন অনুষ্ঠানে তিনটি দলের একমত হওয়াকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে অগ্রসর হওয়ার একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।