দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে বৈবাহিক বন্ধনে রূপ দিয়ে নতুন জীবনে পা রেখেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। বছরের শুরুতেই সম্পন্ন হওয়া এই শুভ পরিণয়ের পর যেন সাফল্য একের পর এক ধরা দিচ্ছে মেহজাবীনের হাতে। অভিনয়ে নিজের প্রতিভা দিয়ে দর্শকের মন জয় করা এই তারকা বিয়ের পর পরই জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্জন করেছেন একাধিক সম্মাননা—যা তার অভিনয় ক্যারিয়ারের জন্য একটি নতুন মাইলফলক হয়ে উঠেছে।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মেহজাবীন অভিনীত চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। পাশাপাশি লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে এটি জিতে নেয় ‘দর্শক পুরস্কার’।
সবশেষ মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এ ‘প্রিয় মালতী’ পেয়েছে সেরা চলচ্চিত্রের সম্মাননা। একইসঙ্গে সমালোচক ও তারকা জরিপ—উভয় বিভাগেই সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন মেহজাবীন। জোড়া পুরস্কার হাতে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই তারকা।
পুরস্কার গ্রহণের সময় মেহজাবীন বলেন, ‘আমার মনে হয়, বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে।’ এসময় তিনি নারীপ্রধান চরিত্রভিত্তিক চলচ্চিত্র নির্মাণে উদ্যোগী হওয়ার জন্য নির্মাতাদের প্রতি আহ্বান জানান। দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন তিনি।
পুরস্কার অনুষ্ঠানে স্বামী আদনান আল রাজীব উপস্থিত না থাকলেও মেহজাবীন জানান, তিনি মনের ভেতর সবসময় রাজীবকে অনুভব করেন। কারণ, রাজীব তখন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে তার নতুন সিনেমা *‘আলী’*র প্রদর্শনী নিয়ে ব্যস্ত ছিলেন।
মেহজাবীনের এই সাফল্য শুধু তার নিজের নয়—এটি নারীপ্রধান গল্প ও চরিত্রের প্রতি দর্শকের আগ্রহ এবং সম্মানকেই আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বলে মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা।
খবরওয়ালা/এন



