খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ মে ২০২৫
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে হাটের ইজারা ও পূর্ব শত্রুতার জেরে রোববার (২৫ মে) দুপুরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে চালানো এ হামলায় আরজু গ্রুপের তিন সদস্যকে কুপিয়ে জখম করা হয়।
আহতরা হলেন: কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামের কদম মণ্ডল (৪০), আরজু মোল্লা (৪৮) ও বাচ্চু মণ্ডল (৩৮)। তাদের মধ্যে কদম ও আরজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়েছে। অন্যদিকে বাচ্চুকে ভর্তি করা হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালুখালীর শিমুল ও আরজু গ্রুপ এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন। সম্প্রতি সোনাপুর বাজারের তরমুজ হাট ইজারা নেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। প্রশাসন ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিলে শিমুল তা নিতে আগ্রহী ছিলেন, তবে কৌশলে আরজু হাটের ইজারা লাভ করেন। এরপর থেকেই শিমুল ও তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
গত ২০ এপ্রিল শিমুল হাটে গিয়ে টাকা কালেকশন করতে গেলে আরজু গ্রুপ বাধা দেয় ও শিমুলপন্থীদের মারধর করে। সেই ঘটনার পর থানায় মামলা হয়।
রোববার সেই ঘটনার প্রতিশোধ নিতে শিমুল গ্রুপের ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আরজু গ্রুপের ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি কোপে তিনজন গুরুতর জখম হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।
ঘটনার পর পুরো হাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দোকানপাট আংশিক বন্ধ রয়েছে, সাধারণ মানুষ ভয়ে এলাকায় চলাচল কমিয়ে দিয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, “পুরনো শত্রুতা ও হাটের ইজারাকে কেন্দ্র করে শিমুল গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে আরজু গ্রুপের ওপর হামলা চালিয়ে তিনজনকে মারাত্মকভাবে জখম করেছে। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি এবং কাউকে আটকও করা হয়নি। তবে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।”
স্থানীয়রা আশঙ্কা করছেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে এলাকায় আরও বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে।
খবরওয়ালা/এমএজেড