দূরপাল্লার সব বাসে পয়লা জুনের মধ্যে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ

আসন্ন ঈদযাত্রায় যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে দূরপাল্লার সব বাসে পয়লা জুনের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বাসে ডাকাতি, ছিনতাই ও নারী যাত্রীদের হয়রানি ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৪ মে) কেন্দ্রীয় মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। জেলা ও কোম্পানি পর্যায়ের পরিবহন মালিকদের শাখা কমিটিগুলোকে এ নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি দূরপাল্লার বাসে যাত্রীদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই এবং বিশেষ করে নারী যাত্রীদের লাঞ্ছনার ঘটনা বেড়েছে। এছাড়া অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার সংখ্যাও উদ্বেগজনক। এসব অপরাধ রোধে বাসে সিসি ক্যামেরা ও গতি নিয়ন্ত্রণ যন্ত্র (স্পিড গভর্নর) স্থাপন অত্যন্ত জরুরি।

গত ৮ এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মালিক সমিতিকে চিঠি দিয়েছিল। সরকারের পক্ষ থেকেও বিষয়টি বাস্তবায়নে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ১ জুনের মধ্যে প্রত্যেক দূরপাল্লার বাসে এসব ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। কেউ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট বাস মালিকের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিসি ক্যামেরা ও স্পিড গভর্নর ছাড়া কোনো বাসকে সিরিয়াল না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।