দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: 17শে জ্যৈষ্ঠ ১৪৩২ | ৩১ই মে ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হাসনাইন নাহিয়ান সজীব বলেছেন, ড. ইউনূস সম্প্রতি জাপান সফরে গিয়ে বিদেশি গণমাধ্যমের কাছে যে বক্তব্য দিয়েছেন তা চরম মিথ্যাচার ও বিভ্রান্তিকর।
তিনি অভিযোগ করে বলেন, ‘ড. ইউনূস দাবি করেছেন—একটি দল ছাড়া কেউ নাকি নির্বাচন চায় না। অথচ বাস্তবতা হলো, দেশের সকল নিবন্ধিত ও গণতান্ত্রিক রাজনৈতিক দল জাতীয় নির্বাচন চায়। কেবলমাত্র ড. ইউনূসের আশীর্বাদপুষ্ট দুটি নিবন্ধনহীন দল—একটি জামায়াত, অপরটি এনসিপি—নির্বাচন চায় না।’
শনিবার (৩১ মে) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর বড় বাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাইন নাহিয়ান সজীব আরও বলেন, ‘বিগত দেড় দশকে জনগণ সুষ্ঠু নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত। দেশের মানুষ নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। বিএনপিসহ দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন চায়। এই বাস্তবতা বুঝতে ব্যর্থ হলে দেশে অশুভ শক্তির উত্থান অনিবার্য হয়ে উঠবে।’
দৌলতপুর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
খবরওয়ালা/আরডি