চুয়াডাঙ্গায় কারাগারে আসামির মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের হাতে গ্রেপ্তারের একদিন পর জেলা কারাগারে মহিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

রোববার (১ জুন) রাতে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২ জুন) ভোরে তিনি মারা যান।

এদিকে পরিবারের দাবি, গ্রেপ্তারের সময় মহিরুল সুস্থ ছিলেন। নির্যাতনের ফলে মৃত্যু তার হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।

মহিরুল ইসলাম দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। রোববার সকালে নিজ গ্রামে ফেরার পর দর্শনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশের দাবি, তার বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, থানার এসআই রেজাউল হোসেনের নেতৃত্বে মহিরুলকে আটক করা হয় ও বেলা সাড়ে ১১টার দিকে আদালতে হাজির করা হয়। এরপর আদালতের নির্দেশে তাকে কোর্ট হাজতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফখর উদ্দিন জানান, মহিরুলকে বিকেলে কারাগারে আনা হয়। অসুস্থ বিধায়, তাকে কারাগারের হাসপাতালে রাখা হয়। বেশি অসুস্থ হয়ে পড়লে রাত ১টার পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, রাতে তাকে কারা কর্তৃপক্ষ অজ্ঞান অবস্থায় নিয়ে আসেন। আমরা সব ধরনের চিকিৎসা দিয়েছি। জরুরি বিভাগের যিনি চিকিৎসক ছিলেন, তিনি ব্লাড প্রেসারও স্বাভাবিক পেয়েছিলেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় কুড়ুলগাছি গ্রামের স্থানীয়দের অভিযোগ, এটি অস্বাভাবিক মৃত্যু, যা আড়াল করার চেষ্টা চলছে। নিহতের পরিবার দ্রুত বিচার ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।