খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জুন ২০২৫
উত্তর মালয়েশিয়ার ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে সোমবার (৯ জুন) ভোরে একটি বাস ও মিনিভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বাসটিতে সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিলেন।
এ দিকে দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছায় গেরিক ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের চার সদস্যের একটি দল।
পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা ঘটনাস্থলেই ১৩ জন মারা যান। এছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।
তারা আরও জানায়, দুর্ঘটনার পর কিছু যাত্রী নিজেরাই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন ও অনেকেই ভেতরে আটকে পড়েন।
পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সহকারী অপারেশন ডিরেক্টর সাবরোদজি নর আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মিনিভ্যানে ৪৮ জন ছিলেন, যার মধ্যে ৪২ জন শিক্ষার্থী, চারজন এমপিভির যাত্রী, একজন বাসচালক এবং একজন সহকারী।
খবরওয়ালা/এসআর