খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও পণ্য জব্দ করেছে সেনাবাহিনী।
এ সময় জড়িত সন্দেহে তিন চোরাকারবারিকে আটক করা হয়। বুধবার সন্ধ্যায় যশোর রেলস্টেশনে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন যশোর শহরতলির পুলেরহাট সেনা ক্যাম্পের কমান্ডার। আটক তিনজন হলেন—যশোর চাঁচড়ার আরিফা (৫০), সদরের বসুন্দিয়ার হোসেন (৬৫) ও বেনাপোলের ডলি (৪৫)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, বেনাপোল থেকে বেতনা এক্সপ্রেসে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ট্রেনে তল্লাশি চালানো হয়। এতে চোরাইভাবে আনা ভারতীয় সাবান, শ্যাম্পু, ফেসওয়াশ, তেল, বিস্কুট, কম্বলসহ নানা ধরনের পণ্য জব্দ করা হয়। এসব পণ্যে রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আটক চোরাকারবারিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জব্দ করা পণ্য ও তাদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, “ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। আটক ব্যক্তিদের থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”