খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 1শে আষাঢ় ১৪৩২ | ১৫ই জুন ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
মাগুরার মহম্মদপুরে পুলিশ হেফাজত থেকে আকাশ ব্যাপারী (২০) নামের এক ছাত্রদলকর্মীকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (১৫ জুন) দুপুরে উপজেলা সদরের পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। তবে ছিনতাইকৃত আসামিকে ধরতে পুলিশ তৎপর হলে অভিযুক্তকে থানায় ফিরিয়ে দেয় স্থানীয় বিএনপির নেতারা।
অভিযুক্ত আকাশ মহম্মদপুরের ব্যাপারীপাড়ার বাসিন্দা ও তিনি মহম্মদপুর উপজেলা ছাত্রদলের একজন কর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববর্তী সহিংসতার একটি ঘটনার জেরে শনিবার (১৪ জুন) মহম্মদপুরের সিন্দাইল গ্রামে উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মিল্টনের ভাই ইউসুফ হোসেনের নেতৃত্বে ৩০-৩৫ জন যুবক মোটরসাইকেলযোগে এক ব্যক্তির বাড়িঘরে জোরপূর্বক ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে ঘটনাটি প্রতিহত করতে গেলে মহম্মদপুর পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সোহাগ আহত হন। পরে পুলিশের উপর এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ ভোরে আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে তাকে মহম্মদপুর থানা থেকে মাগুরা জেলা সদরে নিয়ে যাওয়ার পথে সদরের একটি পেট্রোল পাম্প এলাকা থেকে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা অভিযুক্ত আকাশকে ছিনিয়ে নেয়।
পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার পর পুনরায় থানায় ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এ. এস. এম মুক্তারুজ্জামান।
তিনি বলেন, শনিবারের একটি ঘটনায় আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। পথে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে পুলিশ এ ব্যাপারে তৎপর হলে তাকে থানায় ফিরিয়ে দেয় স্থানীয় বিএনপির নেতারা। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবরওয়ালা/এসআর