খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন ২০২৫
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের উদ্দেশে হুমকি দিয়ে বলেছিলেন, তাদের চরম ‘মূল্য চোকাতে’ হবে। তবে ওই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই তিনি সুর নরম করে অবস্থান বদলেছেন।
সোমবার (১৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে কাৎজ বলেন, ‘আমি স্পষ্ট করতে চাই—তেহরানের সাধারণ মানুষের শারীরিক ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। তবে খুনি স্বৈরশাসক ইরান যেভাবে ইসরায়েলের সাধারণ মানুষকে আঘাত করছে, তা মেনে নেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘তেহরানের বাসিন্দাদের স্বৈরশাসনের মূল্য দিতে হবে এবং তেহরানে শাসনব্যবস্থার লক্ষ্যবস্তু ও নিরাপত্তা অবকাঠামোতে হামলা চালানো প্রয়োজন এমন এলাকা থেকে তাদের বাড়িঘর খালি করতে হবে।’
এর আগে কাৎজ সতর্ক করে বলেছিলেন, ইরানের রাজধানীতে বসবাসকারী মানুষ ইসরায়েলে ইরানের মারাত্মক প্রতিশোধমূলক হামলার জন্য তেহরানবাসী চরম ‘মূল্য দেবে—এবং সেটা খুব শিগগির।’
খবরওয়ালা/এন