খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ জুন ২০২৫
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলায় খালাস দিয়েছেন আদালত।
রবিবার (২২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম এ রায় দেন।
দুলুর আইনজীবী বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত খালাস দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ৫ কোটি ১ লাখ ৩১ হাজার ৭৭৩ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ১০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগে ২০০৭ সালের ১৯ এপ্রিল স্ত্রীসহ দুলুর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মাহফুজা।
তদন্ত শেষে একই বছরের ১৯ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক নুর জাহান।
ওই বছরের ২৯ অগাস্টে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরে সেই মামলা বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন দুলু। হাই কোর্ট দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। সে আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক।
২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাই কোর্টের রায় বাতিলের আদেশ দেন। এ আদেশের পর ঢাকার বিশেষ জজ আদালত-১ এ দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম শুরু হয়। মামলার কার্যক্রম শেষ করে আদালত এদিন রায় দিলেন।
খবরওয়ালা/এফএস