সিরিয়ার গির্জায় বোমা হামলায় নিহত অন্তত ২০

সিরিয়ার রাজধানী দামাস্কাসের দ্বেইলা এলাকায় মার এলিয়াস গির্জায় বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন  আরও ৫০ জনেরও বেশি।

রবিবার (২২ জুন) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র। 

বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এই প্রথম দামাস্কাসে এমন হামলার ঘটনা ঘটেছে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারী ছিলেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন দায়েশের সদস্য। তিনি গির্জায় ঢুকে প্রথমে গুলিবর্ষণ করেন, পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটান।

নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলায় দুইজন জড়িত ছিলেন। এর মধ্যে একজন নিজেকে উড়িয়ে দেন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, ঘটনাস্থলে ৯ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

দেশটির স্বেচ্ছাসেবী উদ্ধার সংস্থা হোয়াইট হেলমেটস ঘটনাস্থল থেকে একটি লাইভ ভিডিও সম্প্রচার করে। সেখানে গির্জার অভ্যন্তরে রক্তে রঞ্জিত মেঝে, ভাঙা বেঞ্চ ও ধ্বংসস্তূপ দেখা যায়।

বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারআ, যিনি আসাদ সরকারের পতনের পর জানুয়ারিতে ক্ষমতা নেন, একাধিকবার বলেছেন, তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবেন।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে দেশের সাম্প্রদায়িক সহাবস্থান ধ্বংসের চেষ্টা বলে মন্তব্য করেছে। এক বিবৃতিতে বলা হয়, ‘এই জঘন্য হামলা সিরিয়ার খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে করা হয়েছে, যা দেশের স্থিতিশীলতা নষ্ট ও সহাবস্থান বিনষ্টের এক মরিয়া প্রচেষ্টা।’

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হামলাটিকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে বলেছে, এতে সিরিয়ার স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা বাধাগ্রস্ত করা হয়েছে। তারা এক বিবৃতিতে আরও বলে, ‘আমাদের বিশ্বাস, সিরিয়ার জনগণ ও প্রশাসন ঐক্য ও সংহতি বজায় রেখে, সংকল্পের সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।’

জাতিসংঘের সিরিয়া সংক্রান্ত বিশেষ দূত গেইর ও. পেডারসেন এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘এটি এক বর্বরোচিত অপরাধ। আমি গভীরভাবে ক্ষুব্ধ।’

পেডারসেন আরও বলেন, সিরিয়ার অন্তর্বর্তী প্রশাসন এই হামলার জন্য দায়েশকে দায়ী করেছে—এই তথ্য তিনি নজরে রেখেছেন। একইসঙ্গে তিনি ঘটনার পূর্ণ তদন্ত ও দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।

তিনি সকল পক্ষকে আহ্বান জানান, ‘সন্ত্রাস, উগ্রপন্থা, উস্কানি এবং কোনো সম্প্রদায়ের ওপর হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

পেডারসেন নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।