খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫
ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী জানিয়েছে, চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের হয়ে কাজ করা প্রায় ৭০০ জন ‘ভাড়াটে’ এজেন্টকে তারা গ্রেপ্তার করেছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির খবরে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, এই ব্যক্তিরা মূলত গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল। জনগণের সহায়তায় এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের শনাক্ত ও আটক করা হয়।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এর আগেই স্বীকার করেছে যে তারা ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে ইরানের ভেতরে হামলার প্রস্তুতি নিচ্ছিল। এমনকি ইরানে একটি গোপন ড্রোন ঘাঁটিও স্থাপন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এই ঘটনায় ইরানি নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে চরম উদ্বেগ এবং ‘মনস্তাত্ত্বিক নিরাপত্তাহীনতা’ তৈরি হয়েছে। অনেক ইরানি নাগরিককে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলপন্থী মতামত প্রকাশের দায়ে আটক করা হয়েছে।
এদিকে, তেহরানের প্রসিকিউটর অফিসের অধীনে একটি নতুন ইউনিট গঠন করা হয়েছে, যার মূল দায়িত্ব হচ্ছে দেশীয় সংবাদমাধ্যম ও ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণ করা।
আরও দাবি করা হয়েছে, সংঘাত শুরুর পর থেকে কয়েকজন ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
সূত্র: সিএনএন