খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫
নরসিংদীর রায়পুরা উপজেলায় চাকরিচ্যুত এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় গ্রামের একটি কাঠবাগান থেকে হাত–পা বাঁধা অবস্থায় তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীকান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য নুরুল ইসলামের ছেলে। জাহিদুল চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল ছিলেন।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জাহিদুল ইসলামকে হত্যার পর লাশ কাঠবাগানে ফেলে যায়। তবে কে বা কারা ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটাল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে চান্দেরকান্দির দাইরেরপাড় সেতুসংলগ্ন একটি কাঠবাগানে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার হাত–পাসহ শরীরের বিভিন্ন জায়গা বাঁধা অবস্থায় ছিল। স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানালে দুপুরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য ঘটনাস্থলে এসে লাশের আঙুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় শনাক্ত করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য তার লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। দ্রুতই জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
খবরওয়ালা/এন