ছায়ানট কমিটির পুনর্বিন্যাস, সভাপতি হলেন ডা. সারওয়ার আলী

বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের কার্যনির্বাহী সংসদ পুনর্বিন্যাস করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলীকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। শনিবার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্যপ্রয়াতা সভাপতি সন্‌জীদা খাতুনের পর এটি ছিল প্রথম বার্ষিক সাধারণ সভা। সভায় প্রয়াত সদস্য নুরুন্নাহার আবেদীন এবং সন্‌জীদা খাতুনের শূন্য ট্রাস্টি পদে সাঈদা কামাল এবং রুচিরা তাবাস্‌সুম নভেদ্‌কে নতুন ট্রাস্টি হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় সাংগঠনিক দৃষ্টিভঙ্গিতে বাঙালি জাতিসত্তা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করা হয়। ঘোষণা করা হয়— সহিষ্ণু, সংস্কৃতিমনা ও সম্প্রীতির সমাজ গঠনে ছায়ানটের অঙ্গীকার। সেইসঙ্গে বাংলা গানের নিখুঁত চর্চা ও বিস্তারে গতি আনার ওপরও জোর দেওয়া হয়।

আন্তর্জাতিক ইস্যুতেও সভা থেকে অবস্থান জানানো হয়। বিশেষভাবে, গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার তীব্র নিন্দা এবং ইরান-ইসরায়েল সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

পুনর্বিন্যস্ত ছায়ানট কার্যনির্বাহী সংসদ

সভাপতি: ডা. সারওয়ার আলী

সহ-সভাপতি: খায়রুল আনম শাকিল, পার্থ তানভীর নভেদ্

সাধারণ সম্পাদক: লাইসা আহমদ লিসা

যুগ্ম-সম্পাদক: জয়ন্ত রায়, তানিয়া মান্নান

কোষাধ্যক্ষ: নাসেহুন আমীন

সদস্য: মফিদুল হক, শ্যামলী নাসরিন চৌধুরী, নাহাস খলিল, আমিনুল ইসলাম দীপু, সাহানা আক্তার রহমান পাপড়ি, মাসুদা নার্গিস আনাম কল্পনা, জুবায়ের ইউসুফ, গৌতম সরকার, জেসমিন বুলি ও সেমন্তী মঞ্জরী

ছায়ানট দীর্ঘদিন ধরে বাংলা সংস্কৃতি, সংগীত ও চেতনার ধারক ও বাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সভাপতির দায়িত্বে ডা. সারওয়ার আলীর নির্বাচিত হওয়া সংগঠনটির ধারাবাহিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতিফলন বলেই বিবেচনা করা হচ্ছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।