বাতিঘরের দীপঙ্করকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এক ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ

জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার একটি মামলায় বই বিপণিকেন্দ্র ও প্রকাশনা সংস্থা বাতিঘরের কর্ণধার দীপঙ্কর দাশকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার এক ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ।

শনিবার (২৮ জুন) বেলা একটার দিকে তাঁকে চট্টগ্রাম নগরের বাতিঘরের জামালখান শাখা থেকে নিয়ে যায় কোতোয়ালি থানা পুলিশ।

বাতিঘরের কর্মীরা জানান, বেলা পৌনে একটার দিকে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল আফরাদ বাতিঘরে আসেন। এ সময় তিনি দীপঙ্কর দাশকে বলেন, ‘পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার চায়ের দাওয়াত দিয়েছেন।’ এরপর পুলিশের গাড়িতে করে দীপঙ্করকে থানায় নিয়ে যাওয়া হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান বলেন, ‘তিনি চায়ের দাওয়াত দেননি। দীপঙ্করের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা আছে। ওই মামলাসংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য তাঁকে কোতোয়ালি থানায় নিয়েছে পুলিশ।’

জানা গেছে, নগরের নিউমার্কেট এলাকায় গত বছরের ৪ জুলাই ছাত্র–জনতার সমাবেশে হামলার অভিযোগে হওয়া একটি মামলায় আসামিদের তালিকায় দীপঙ্কর দাশের নাম রয়েছে। মামলাটিতে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে অভিযোগ আনা হয়েছে। গত বছরের ২৩ সেপ্টেম্বর মামলাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফহীমুল ইসলাম। মামলাটিতে আসামির সংখ্যা ৭৩৫। এর মধ্যে ২৩৫ নম্বরে দীপঙ্করের নাম রয়েছে।

বেলা ২টা ১০ মিনিটের দিকে বাতিঘরের কর্ণধার দীপঙ্কর দাশ গণমাধ্যমকে বলেন, ‘আমাকে মামলাসম্পর্কিত বিভিন্ন বিষয়ে কোতোয়ালি থানার ওসি জিজ্ঞাসাবাদ করেছেন। আমি বলেছি—এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম গণমাধ্যমকে বলেন, ‘আমি মিটিংয়ে বাইরে আছি। বিষয়টি জানি না। তবে হয়তো তাঁকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আমি আপনাকে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে পরে ফিডব্যাক দিব।’

 

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।