খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ জুলাই ২০২৫
দেশের আকাশ আবারও মেঘে ঢাকা পড়তে চলেছে। দক্ষিণাঞ্চলের তিন বিভাগ খুলনা, বরিশাল ও চট্টগ্রামে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২ জুলাই) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া পরবর্তী ২৪ ঘণ্টায় (৩ জুলাই সকাল ৯টা থেকে ৪ জুলাই সকাল ৯টা পর্যন্ত) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু কিছু স্থানে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারী থেকে মাঝারি ভারী বর্ষণ হতে পারে এবং দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার (৪ জুলাই) থেকে দেশের আরও বিস্তৃত অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ এবং তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শনিবার (৫ জুলাই) ও রবিবার (৬ জুলাই) দেশের প্রায় সব বিভাগেই অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার কোথাও কোথাও অতি ভারী বর্ষণ এবং রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এসব দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন ধরে এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে।
এই টানা বৃষ্টির খবরে জনজীবনে কিছুটা ভোগান্তির আশঙ্কা থাকলেও কৃষিখাতে এর প্রভাব হতে পারে ইতিবাচক। তবে সম্ভাব্য জলাবদ্ধতা ও দুর্বল অবকাঠামোর এলাকাগুলোয় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
খবরওয়ালা/আরডি