জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প, দ্বীপবাসীর ঘুম হারাম

জাপানের দক্ষিণাঞ্চলের টোকারা দ্বীপপুঞ্জে টানা দুই সপ্তাহ ধরে ৯০০টিরও বেশি ভূমিকম্প আঘাত হেনেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ তৈরি করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ২১ জুন থেকে শুরু হওয়া এই ভূমিকম্পগুলো দ্বীপপুঞ্জের আশপাশের সমুদ্র এলাকা থেকে উৎপত্তি হচ্ছে। সর্বশেষ বুধবার রিখটার স্কেলে ৫.৫ মাত্রার একটি কম্পন রেকর্ড করা হয়েছে।

যদিও এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামির আশঙ্কার কথা জানানো হয়নি, তবে স্থানীয় প্রশাসন দ্বীপবাসীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে—যাতে প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া সম্ভব হয়।

ভূমিকম্পপ্রবণ এই দ্বীপাঞ্চলে বাস করছেন মাত্র ৭০০ জনের মতো মানুষ। দ্বীপগুলোর অনেকটিতে নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা। নিকটতম হাসপাতালে পৌঁছাতে ছয় ঘণ্টা ফেরি ভ্রমণ করে কাগোশিমা শহরে যেতে হয়।

আতঙ্কিত এক বাসিন্দা স্থানীয় টেলিভিশন এমবিসিকে বলেন, ‘ঘুমাতে গেলেই মনে হয় আবার কাঁপবে। যেন ভূমিকম্প থামছেই না।’

আরেকজন বলেন, ‘রাতে সমুদ্র থেকে এক অদ্ভুত গর্জনের শব্দ আসে। সেই শব্দের পরই ভূমিকম্প হয়—পুরো ব্যাপারটা যেন কোনো ভূতের গল্প।’

আকুসেকিজিমা দ্বীপের ৬০ বছর বয়সী ইসামু সাকামোতো বলেন, ‘প্রথমে নিচ থেকে একটা ধাক্কা লাগে, তারপর পুরো ঘর কেঁপে ওঠে। শরীর খারাপ লাগতে শুরু করে।’

এই পরিস্থিতিতে অনেক গেস্টহাউস পর্যটক নিতে অস্বীকৃতি জানিয়েছে, কারণ সেগুলো এখন জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হতে পারে।

এই ধারাবাহিক ভূমিকম্পের মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ১৯৯৯ সালের এক জাপানি কমিক বইয়ের ভবিষ্যদ্বাণী ঘিরে। লেখক রিও তাতসুকি ওই বইতে উল্লেখ করেছিলেন, ২০২৫ সালের ৫ জুলাই ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানবে।

এই গুজব ছড়িয়ে পড়ার পর অনেক পর্যটক তাদের ভ্রমণ বাতিল করেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

প্রসঙ্গত, জাপানে প্রতিবছর গড়ে প্রায় ১,৫০০ ভূমিকম্প হয়। তবে ২০১১ সালের ভূমিকম্প ও সুনামিতে ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যুর পর থেকেই দেশটিতে “দ্য বিগ ওয়ান” নামক এক সম্ভাব্য ভয়াবহ ভূমিকম্প নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে।

সরকারের হিসাব অনুযায়ী, “দ্য বিগ ওয়ান” সংঘটিত হলে প্রাণহানি তিন লাখ ছাড়াতে পারে। এই প্রেক্ষাপটে চলতি সপ্তাহে সরকার নতুন বাধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র তৈরিসহ নানা প্রস্তুতির আহ্বান জানিয়েছে।

সরকার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা অনেক দূর এগিয়েছি, কিন্তু এখনও অনেক কিছু করা বাকি।’

সূত্র: বিবিসি

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।