খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই ২০২৫
জাম্বিয়ায় একটি জাতীয় উদ্যান ঘুরে দেখতে গিয়ে আকষ্মিক হাতির হামলায় দুই বিদেশি নারী পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসির একটি প্রতিবেদনে জানানো হয়। জাম্বিয়াতে এর ঠিক এক বছর আগেও হাতির আক্রমণে দুই আমেরিকান নারীর প্রাণ হারায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন যুক্তরাজ্যের ৬৮ বছর বয়সী ইস্টন জ্যানেট টেইলর এবং নিউজিল্যান্ডের ৬৭ বছর বয়সী অ্যালিসন জিন টেইলর। একটি স্ত্রী হাতি এবং তার বাচ্চা হাতির আক্রমণের শিকার হন তারা।
পর্যটকদের সঙ্গে থাকা সাফারি গাইডরা হাতিটিকে থামানোর চেষ্টা করেন এবং হাতির দিকে গুলি চালান। হাতিটি গুলিতে আহত হলেও তারা হাতির হামলা ঠেকাতে পারেননি। ঘটনাস্থলেই দুই নারী পর্যটকের মৃত্যু হয়।
ঘটনাটি জাম্বিয়ার পূর্বাঞ্চলের সাউথ লুয়াংগয়া ন্যাশনাল পার্কে ঘটেছে, যা রাজধানী লুসাকা থেকে প্রায় ৩৭০ মাইল দূরে অবস্থিত। সাধারণত, স্ত্রী হাতিগুলো তাদের বাচ্চাদের রক্ষা করতে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে, যদি তারা কোনো কিছুকে হুমকি মনে করে।
গত বছরও জাম্বিয়ার ভিন্ন ভিন্ন স্থানে হাতির আক্রমণে দুইজন বয়স্ক আমেরিকান নারী পর্যটক নিহত হয়েছিলেন। তারা তখন সাফারি গাড়িতে ছিলেন।
সম্প্রতি বিশ্বের বিভিন্ন স্থানে হাতির হামলায় আরও কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে। চলতি বছরের এপ্রিল মাসে কেনিয়ার মধ্যাঞ্চলে ৫৪ বছর বয়সী এক ব্যক্তি হাতির হামলায় মারা যান। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রুগার পার্কে এক পর্যটক হাতির আক্রমণে প্রাণ হারান। একই মাসে থাইল্যান্ডে একটি স্যাংচুয়ারিতে স্নান করানোর সময় আতঙ্কিত এক হাতির হামলায় এক স্প্যানিশ পর্যটক নিহত হন। এর আগের মাসে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি জাতীয় উদ্যানে ৪৯ বছর বয়সী এক নারী হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান।
এছাড়াও, গত বছরের জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার আরেকটি গেম রিজার্ভে ছবি তুলতে গিয়ে গাড়ি থেকে নামার পর এক স্প্যানিশ পর্যটককে হাতির দল মেরে ফেলেছিল। সে সময় তিনি তার বাগদত্তাকে গাড়িতে রেখে বাইরে বেরিয়েছিলেন।
খবরওয়ালা/টিএস