খবরওয়ালা খেলা ডেস্ক
প্রকাশ: 20শে আষাঢ় ১৪৩২ | ৪ই জুলাই ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ দাবি করে আলোড়ন তোলা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীনকে অব্যাহতি দেওয়া হয়েছে জাতীয় দল কমিটি থেকে।
শুক্রবার (৫ জুলাই) বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষর করা চিঠি হাতে পেয়েছেন শাহীন। চিঠিতে অব্যাহতির কোনো কারণ উল্লেখ করা হয়নি। শুধু জানানো হয়েছে, তিনি নির্বাহী কমিটির সদস্য হিসেবে ফুটবলের অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন, তবে জাতীয় দল কমিটিতে আর থাকছেন না।
গত ১৪ জুন এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ কাবরেরার পদত্যাগ দাবি করেছিলেন শাহীন। তার এই বক্তব্য বাফুফের ভেতরে-বাইরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অনেকেই বিষয়টি বাফুফের আচরণবিধি লঙ্ঘন বলে উল্লেখ করেন।
জাতীয় দল কমিটি বাফুফের একটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী কমিটিতে চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান ও সাত সদস্য থাকার কথা থাকলেও সভাপতি তাবিথ আউয়াল তা বাড়িয়ে ১২ জন করেন। শাহীনকে অব্যাহতির পর এখন কমিটিতে সদস্য সংখ্যা ১১ জন।
প্রায় সাড়ে তিন বছর ধরে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কাবরেরা। তার কোচিংয়ে বাংলাদেশ ২০২৩ সালে এক যুগ পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল। তবে এরপর থেকে দলীয় পারফরম্যান্সে উন্নতি না হওয়ায় তাকে নিয়ে সমালোচনা বাড়ছে।
বিশেষ করে সম্প্রতি হামজা চৌধুরী ও শমিত সোমদের মতো প্রতিভাবান ফুটবলার দলে যোগ দিলেও বাংলাদেশ জিততে পারেনি ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে। ফলে হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে কাবরেরার অপসারণ দাবি করছেন অনেকেই।
খবরওয়ালা/এন