যে কারণে সিরিয়ার নতুন জাতীয় প্রতীক ‘সোনালি ঈগল’

সিরিয়ায় আল-আসাদ পরিবারের নেতৃত্বে দীর্ঘদিনের বাথ পার্টির শাসনের অবসানের পর নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে দেশটির নতুন জাতীয় প্রতীক উন্মোচন করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাজধানী দামেস্কের প্রেসিডেনশিয়াল প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা নতুন প্রতীক উন্মোচন করেন। খবর আনাদোলু।

নতুন জাতীয় পরিচয়ের অংশ হিসেবে পূর্বের বাজপাখির পরিবর্তে এবার প্রতীকে স্থান পেয়েছে সোনালি ঈগল। প্রতীকের মাথায় রয়েছে তিনটি তারা, যা সিরিয়ার জনগণের মুক্তিকে প্রতীকীভাবে তুলে ধরে। ঈগলের লেজের পাঁচটি পালক দেশটির পাঁচটি ভৌগোলিক অঞ্চল—উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ ও কেন্দ্রকে নির্দেশ করে।

আর ডানার ১৪টি পালক প্রতিটি প্রদেশের প্রতিনিধিত্ব করে। সরকারের ভাষ্য অনুযায়ী, এই ১৪টি পালকের প্রতিটিই বিগত ১৪ বছরের ‘বিপ্লবের প্রতিরোধের গল্প’ বহন করে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নতুন জাতীয় পরিচয় চালুর ফলে শিগগিরই জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ সরকারি কাগজপত্রে নতুন এই নকশা যুক্ত করা হবে।

অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, ‘আজ আমরা যে পরিচয় চালু করছি, তা আমাদের ঐক্য, আবিভাজ্য এবং নতুন ইতিহাসের প্রতিচ্ছবি। সোনালি ঈগল আমাদের শক্তি, দৃঢ়তা, গতি ও উদ্ভাবনের প্রতীক।’

তিনি আরও বলেন, ‘দামেস্কের ইতিহাস বিশ্ব ইতিহাসের সূচনা ও শেষের গল্প। আমরা যে অপমানজনক সময় পার করেছি, সেটি দামেস্কের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। সেই অধ্যায় শেষ হয়েছে। আমাদের পতনের সময় পেরিয়ে গেছে, শুরু হয়েছে পুনর্জাগরণের সময়।’

উল্লেখ্য, প্রায় ২৫ বছর সিরিয়া শাসন করার পর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত ডিসেম্বর মাসে রাশিয়ায় পালিয়ে যান। এরপর চলতি বছরের জানুয়ারিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আহমেদ আল-শারা। তার নেতৃত্বে সিরিয়া নতুন রাজনৈতিক পর্বে প্রবেশ করেছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।