সৌদিতে এক বছর আগে নিহত প্রবাসীর লাশ নিয়ে ফিরতি পথে প্রাণ গেলো আরও দুই ভাইয়ের

সৌদি আরবে মারা যাওয়া এক প্রবাসীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাঁর সহোদর ও মামাতো ভাই। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে শনিবার (৫ জুলাই) বিকেলে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম।

নিহতরা হলেন—চট্টগ্রামের ফটিকছড়ির পূর্ব ভূজপুর গ্রামের মো. ফুল মিয়ার ছেলে মো. বাবুল মিয়া এবং জালাল আবেদীনের ছেলে ওসমান গনি। নিহত বাবুল মিয়া ছিলেন সৌদি আরবে মৃত্যুবরণ করা রুবেলের সহোদর, আর ওসমান গনি ছিলেন তাঁদের মামাতো ভাই।

জানা গেছে, পরিবারের অভাব ঘোচাতে ২০২৪ সালে সৌদি আরবে পাড়ি জমান ফটিকছড়ির ভূজপুরের তালুকদার পাড়ার বাসিন্দা মো. রুবেল। সেখানকার একটি প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় ক্ষুধার তাড়নায় মালিকের অনুমতি ছাড়া একটি বার্গার খাওয়াকে কেন্দ্র করে তিনি চরম নির্যাতনের শিকার হন। গুরুতর আহত অবস্থায় মদিনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ১৭ জুলাই মারা যান তিনি।

এক বছর পর নিহত রুবেলের মরদেহ দেশে এসে পৌঁছায়। মরদেহবাহী অ্যাম্বুল্যান্সে করে বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁর ভাই বাবুল মিয়া ও মামাতো ভাই ওসমান গনি। তবে চৌদ্দগ্রামের কালিকাপুর এলাকায় পৌঁছালে অ্যাম্বুল্যান্সটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি দ্রুতগামী লরি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুল্যান্সটি সামনে থাকা একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরেকজনের।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এক পরিবারের একাধিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।