খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃত্যুর সংখ্যা ১০০-এর বেশি হয়েছে। তীব্র স্রোতে এখনো উদ্ধারকর্মীরা ভেসে যাওয়া মানুষের দেহ খুঁজে বের করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মৃতদের মধ্যে অন্তত ২৭ জন মেয়ে ও তত্ত্বাবধায়ক রয়েছেন, যারা চতুর্থ জুলাই ছুটির সপ্তাহান্তে একটি নদীর ধারে গ্রীষ্মকালীন শিবিরে ছিল, তখন হঠাৎ বন্যা আঘাত হানে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মাটিতে জমে থাকা পানির ওপর আরও বৃষ্টি হতে পারে, যা উদ্ধার তৎপরতাকে জটিল করে তুলছে। হেলিকপ্টার, নৌকা ও কুকুর ব্যবহার করে উদ্ধার তৎপরতা চললেও মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার টেক্সাস সফরে যাবেন। এ সময় হোয়াইট হাউস সমালোচকদের কঠোর ভাষায় আক্রমণ করেছে, যারা বলছে, ট্রাম্পের আবহাওয়া সংক্রান্ত দফতরের বাজেট কমানোয় সতর্কবার্তা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘এই বন্যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করা একটি বিকৃত মিথ্যা, যা জাতীয় শোকের সময়ে কোনো কাজে আসে না।’
তিনি জানান, জাতীয় আবহাওয়া দফতর ‘সময়মতো এবং সঠিক পূর্বাভাস ও সতর্কবার্তা’ প্রদান করেছে, যদিও নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, বন্যার আগে সংস্থার গুরুত্বপূর্ণ অনেক পদ ফাঁকা ছিল।
ট্রাম্প এই বন্যাকে ‘এক শতাব্দীর বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন, যা ‘কেউ আশা করেনি।’
যদিও ট্রাম্প আগে বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা রাজ্য পর্যায়ে করা উচিত, তবুও তিনি বড় ধরনের দুর্যোগ ঘোষণা করেছেন, যাতে নতুন করে কেন্দ্রীয় তহবিল ও সম্পদ ব্যবহার করা যায়।
খবরওয়ালা/এমইউ