খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই ২০২৫
গুম প্রতিরোধ ও প্রতিকারের অগ্রাধিকার বিষয়ে গুমসংক্রান্ত তদন্ত কমিশন এবং ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস (ইউভিইডি) এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সময়, ইউভিইডি গুম থেকে ফেরত না আসা ২০০ জনের একটি তালিকা গুমসংক্রান্ত তদন্ত কমিশনের কাছে হস্তান্তর করেছে।
বুধবার (৯ জুলাই) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে সংগঠনটির মুখ্য আহ্বায়ক এবং সাবেক রাষ্ট্রদূত ও সচিব মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এই তালিকাটি কমিশনের কাছে প্রদান করে।
গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ইউভিইডি প্রতিনিধিদলের সদস্যদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তাদের অবহিত করেন।
বৈঠকে ইউভিইডি প্রতিনিধিদল গুম থেকে ফেরত না আসা ২০০ জনের তালিকা গুমসংক্রান্ত তদন্ত কমিশনের কাছে প্রদান করার পাশাপাশি তাদের বর্তমান অবস্থা শনাক্ত করতে কমিশনের সহযোগিতা চায়।
এ ছাড়া গুমের শিকার ব্যক্তিদের এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতায় রাষ্ট্রের দায়বদ্ধতা, গুম অবস্থা থেকে ফিরে আসা ব্যক্তিদের ক্ষতিপূরণ ও আর্থসামাজিক পুনর্বাসন, এবং গুমের ঘটনাগুলোর বিষয়ে বিচারিক উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন ও তার প্রয়োগের বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী কমিশনের পক্ষ থেকে আইনি কাঠামোর মধ্যে সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। বৈঠকে কমিশনের সদস্য মো. নুর খান, মো. সাজ্জাদ হোসেন, এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।
খবরওয়ালা/আরডি