খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই ২০২৫
বাবা ছিলেন তার সবচেয়ে বড় প্রেরণা। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন দিনে এসএসসি পরীক্ষার প্রথম সকালেই—চিরতরে হারান বাবাকে।
তারপরও নিজেকে সামলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান মারিয়া আক্তার। বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশে দেখা যায়, তিনি পাস করেছেন। কিন্তু প্রত্যাশিত ফল না পাওয়ায় জড়িয়ে ধরেন কান্না।
পটুয়াখালীর বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারিয়া আক্তার। ১০ এপ্রিল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া তার বাবা মামুন হাওলাদারের মৃত্যু শোক সঙ্গেই পরীক্ষায় বসেন। বাবার মৃত্যুর দিনটি ছিল তার এসএসসি পরীক্ষার প্রথম দিন।
মারিয়া বলেন, “বাবা সবসময় চেয়েছিলেন আমি মানুষ হই এবং ডাক্তার হই। বাবার মুখ মনে করে চোখের জল নিয়েই পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলাম। কিন্তু যেভাবে পড়েছিলাম, সেভাবে ফল হয়নি। তাই কষ্ট হচ্ছে।”
তার ছোট চাচা অলিউল্লাহ জানান,“বাবার মৃত্যুর পর মারিয়া ভেঙে পড়েছিল। আমরা পাশে থেকে তাকে সাহস দিয়েছি। আল্লাহর রহমতে সে পরীক্ষা দিতে পেরেছে। এবার আমরা তাকে ঢাকায় ভালো কলেজে ভর্তি করানোর পরিকল্পনা করছি। আশা করছি, ইন্টারমিডিয়েটে সে আরও ভালো করবে।”
বাবার স্বপ্নকে বুকের ভেতরে নিয়ে মারিয়া আজও নিরন্তর পড়াশোনায় মনোযোগী থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
খবরওয়ালা/ আশ