বিশ্বব্যাপী শুল্ক উত্তেজনার মধ্যে চীন-যুক্তরাষ্ট্র বৈঠক: ট্রাম্প-শি সাক্ষাতের আভাস

বিশ্বব্যাপী বাণিজ্য শুল্ক ঘিরে উত্তেজনার মধ্যে মালয়েশিয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (১১ জুলাই) কুয়ালালামপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের ৫৮তম সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠককে ‘ইতিবাচক ও গঠনমূলক’ বলে মন্তব্য করেছেন উভয় পক্ষ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রুবিওর এটি ছিল প্রথম এশিয়া সফর। সফরের মূল উদ্দেশ্য ছিল এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার তুলে ধরা এবং চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেও আলোচনার পথ খোলা রাখা।

বৈঠকের পর রুবিও জানান, ‘আমরা অনেক বিষয়ে ভিন্নমত পোষণ করি, তবে কিছু ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ আছে। বৈঠকটি ছিল গঠনমূলক, ইতিবাচক।’

তিনি বলেন, এটি কোনো চুক্তি নয়, বরং ভবিষ্যৎ আলোচনা চালিয়ে নেওয়ার ভিত্তি তৈরি করছে।

ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠক নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি এটা হবে। উভয় পক্ষই আগ্রহী। তবে সফরটা যেন ফলপ্রসূ হয়, সে জন্য কিছু প্রস্তুতি দরকার।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দুই পক্ষই বাস্তবমুখী ও গঠনমূলক আলোচনার বিষয়ে একমত হয়েছে।

ট্রাম্পের নতুন শুল্ক নীতির ছায়া

চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র বেশ কিছু এশীয় দেশের ওপর উচ্চহারে আমদানি শুল্ক আরোপ করেছে। এর মধ্যে চীনের পণ্যের ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক বসানো হয়েছে, যা আগামী ১২ আগস্টের মধ্যে সমঝোতা না হলে কার্যকর হবে।

শুল্কের কারণে এই সফরের আলোচনায় চাপ থাকলেও রুবিও থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন এবং যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করেন।

অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক বিশ্ববাণিজ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো জটিল পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা রাখে এবং নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে।’

শুক্রবার আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের এক বিবৃতিতে একতরফা শুল্ক ব্যবস্থার সমালোচনা করে বলা হয়, এতে বিশ্ব অর্থনীতি আরও বিভক্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।